Friday, 11 May 2012

ভয়


না না না , পারবোনা ! বেগুণ পোড়া দিয়ে আরো
দু মুঠো ভাত দিয়ো , সময় নামিয়ো না লাভা স্রোতে ।
না না না , পারবোনা বইতে নিশান ; হাত শুধু ভাত
খুঁজছে পতাকা তুলবার শক্তি হারিয়েছে অনেক আগে ।
লালে লাল করে গন-ইস্তেহার দুই পয়সার ট্রাম দিয়ে
শুরু করেছিলেন পিতৃদেব আগুণের খেলা
এক ঝাক্কাস বুলেট যেদিন এফোঁড়ওফোঁড় হৃদপিণ্ড
আমি তখন পেটে , সাম্যবাদে মায়ের জঠর সাম্যদেশ ,
উফ: কি আনন্দ , তখন ছিল দিনকাল ।

না না না বোল না এভাবে । পুড়িয়েই দিয়েছি আস্ত কাল ।
আগুন ছুড়েছি যখন বৃক্ষে দাবানলে একটা পাখি ছাড়িনি
পুড়িয়েছি নচেৎ সে নিজেই হারিয়েছে উড়বার স্বাধীনতা ।

ওহে দুষ্টু ভয় লাগে এখন । হিম খোঁদলে বেশ আছি ।
আমি আর আগুন চেনাবো না সন্তানে ......
বুকের উত্তাপে ভস্ম করতে শিখিয়ে দেবো যাবতীয় অনাচার ।